
কক্সবাজারের কলাতলীতে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচিত এলপিজি স্টেশন মালিক এন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে কক্সবাজারের আদালতে হাজির করা হলে বিচারক আসাদ উদ্দিন মো. আরিফ তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
এর আগে সোমবার (৯ মার্চ) ঢাকার একটি এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন এন আলম। আজ সকালে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল তাকে কক্সবাজারে নিয়ে এসে আদালতে সোপর্দ করে। বিবাদি পক্ষ জামিনের আবেদন করলেও আদালত সার্বিক দিক বিবেচনা করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে কলাতলীর ‘কক্সবাজার এলপিজি স্টেশনে’ গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনার পর এন আলমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং অপরটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এবং নিরাপত্তার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ