চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

১০ মার্চ, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির র ছাত্রী এবং প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির কন্যা।

 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাদরাসা থেকে বাড়ি ফিরে আইরিন দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত দোলনার উপরে থাকা একটি ওড়না তার গলায় পেঁচিয়ে যায় এবং এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে । তার সঙ্গে থাকা চাচাতো বোন মুক্তা জন্নাত (৯) ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে হারবাং আজিজনগর এলাকার আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, সে অত্যন্ত শান্ত, ভদ্র এবং পড়াশোনায় মনোযোগী ছিল। হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন।

 

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি দুর্ঘটনা হিসেবে দাবি করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

আইরিনের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট