
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চারাবটতল এলাকায় রাস্তার পাশের একটি প্রবাহমান খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে গত ২৭ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার পর আজ মঙ্গলবার ওই অবৈধ স্থাপনাটি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়।
অভিযানে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, খালটি দখল হওয়ার ফলে আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল। উচ্ছেদ অভিযানের ফলে খালের স্বাভাবিক গতিপথ ফিরে আসায় এলাকার পরিস্থিতির উন্নতি হবে বলে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ