চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৯ মার্চ, ২০২৬ | ৯:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।

 

সোমবার (৯ মার্চ) ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

নৌবাহিনীর কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে, হ্নীলা এলাকায় একটি মাদক কারবারি চক্র পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়।

 

অভিযান চলাকালে মাদক কারবারিরা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই আস্তানা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা।

 

জব্দকৃত ইয়াবাসমূহ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট