
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে বিএনপি কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ইউনিয়নের বৃন্দাবন হাট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ নজরুল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার এবং ইউনিয়ন শ্রমিক দলের ওয়ার্ড সভাপতি নুরুল আলম। সব মিলিয়ে প্রায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম জানিয়েছেন, এলাকায় মাটি কাটাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদল কর্মী রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই বিষয়ে কথা বলতে এবং তাদের সতর্ক করতে দলীয় কার্যালয়ে ডেকে আনা হয়েছিল। তবে সেখানে উপস্থিত কিছু উশৃঙ্খল যুবক হঠাতই সিনিয়র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে বসে। এতে ৫ জন নেতাকর্মী আহত হন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তারা মারামারির খবর পেয়েছেন। তবে বিস্তারিত এখনও জানা যায়নি। পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
পূর্বকোণ/সিজান