চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হালদা পাড়ে তাবু খাটিয়ে চলত জুয়ার আসর: আটক ১

হালদা পাড়ে তাবু খাটিয়ে চলত জুয়ার আসর: আটক ১

ভূজপুর সংবাদদাতা

৭ মার্চ, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নে হালদা নদীর পাড়ে গড়ে ওঠা একটি মাদক ও জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আজম নামে একজনকে আটক করার পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত ৫টি যানবাহন জব্দ করা হয়েছে।

 

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নাসির মোহাম্মদ ঘাট (নাইচ্ছ্যের ঘাট) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থানা পুলিশের ১০-১২ জনের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ মাদক কারবারি ও জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দকৃত যানবাহনের মধ্যে ৪টি মোটরসাইকেল এবং ১টি সিএনজিচালিত অটোরিকশা রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরপুর ইউনিয়নের নাইচ্ছ্যের ঘাটের উত্তর পাশে হালদা নদীর পাড়ে একটি নির্জন স্থানে প্লাস্টিক ও কাপড়ের অস্থায়ী তাবু খাটিয়ে দীর্ঘদিন ধরে এই মাদক ও জুয়ার আসর বসছিল। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের মাদক সেবন ও জুয়ার রমরমা আসর চলত। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে এই আসরে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হতো।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, জুয়া, মাদক ও সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ কাজ করছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট