চট্টগ্রাম শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীকে 'মডেল জনপদে' রূপান্তরের অঙ্গীকার প্রতিমন্ত্রী মীর হেলালের

হাটহাজারীকে ‘মডেল জনপদে’ রূপান্তরের অঙ্গীকার প্রতিমন্ত্রী মীর হেলালের

হাটহাজারী সংবাদদাতা

৬ মার্চ, ২০২৬ | ৯:৫১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, হাটহাজারীকে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ জনপদে পরিণত করতে আলেম-ওলামাসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

 

শুক্রবার (৬ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

 

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “আমি হাটহাজারীর আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমার সাধ্যমতো প্রান্তিক ও মজলুম মানুষের পাশে থেকে মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সর্বস্তরে সেবা করার চেষ্টা করব”। তিনি আরও উল্লেখ করেন যে, অবহেলিত হাটহাজারীকে একটি আধুনিক ও নিরাপদ এলাকায় পরিণত করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা রক্ষা করে হাটহাজারীকে একটি ‘মডেল জনপদ’ হিসেবে গড়ে তোলা হবে।

 

তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, এই আসনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে, তার এলাকায় কোনো ধরণের সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজির স্থান থাকবে না।

 

উপজেলা হেফাজতের সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা মুফতী জসিম উদ্দিন। উপজেলা হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ও মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার এবং হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ আহমদ দীদার কাসেমী।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ওসমান সাঈদি, মাওলানা মীর কাসেম, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক-এর চেয়ারম্যান মুহাম্মদ রাশেদ, মাওলানা নছিম উদ্দিন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জীসহ স্থানীয় ও কেন্দ্রীয় ওলামা নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট