
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সাবমেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক মো. জহিরুল ইসলাম এই অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। অভিযান চলাকালে সেখানে কোনো সন্ত্রাসীকে পাওয়া না গেলেও তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আলামত হিসেবে টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরণের সন্ত্রাসী অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সন্ত্রাসবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/এএইচ