চট্টগ্রাম বুধবার, ০৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ভুল ট্রেনে চড়ে কক্সবাজার, ১৩ মাস পর পরিবারে ফিরল ঢাকার শিশু মেহেদি

চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করে পরিবারের সন্ধান 

ভুল ট্রেনে চড়ে কক্সবাজার, ১৩ মাস পর পরিবারে ফিরল ঢাকার শিশু মেহেদি

টেকনাফ সংবাদদাতা

৪ মার্চ, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

রাজধানীর গেন্ডারিয়া থেকে হারিয়ে যাওয়ার দীর্ঘ ১৩ মাস পর পরিবারের কাছে ফিরেছে ৭ বছরের শিশু মেহেদি। সোমবার কক্সবাজারের ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে তার বাবা তাইজুদ্দিন ও চাচা সাইফুল হকের হাতে তুলে দেওয়া হয়।

 

জানা যায়, ২০২৫ সালের ৩০ জানুয়ারি গেন্ডারিয়ার নিজ বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে মেহেদি। এরপর কমলাপুর রেলস্টেশন থেকে ভুল করে সে কক্সবাজারগামী একটি ট্রেনে উঠে পড়ে। কক্সবাজার পৌঁছানোর পর সেখানকার পথশিশুদের দলের সাথে মিশে যায় এবং একপর্যায়ে সীমান্ত উপজেলা টেকনাফে চলে যায় মেহেদি।

 

সেখানে তাকে একা কান্নাকাটি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে টেকনাফ মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। শিশুটি নিজের নাম ছাড়া আর কোনো ঠিকানা বলতে না পারায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে কক্সবাজারের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

 

পুনর্বাসন কেন্দ্রের প্যারা-কাউন্সেলর সাবিনা ইয়াসমিন জানান, মেহেদি কেন্দ্রে সবার প্রিয় ছিল কিন্তু পরিবারের জন্য সে সবসময় ব্যাকুল থাকত। গত ১৬ ফেব্রুয়ারি জেলা সমাজসেবা কার্যালয় ও শিশু সুরক্ষা সমাজকর্মীর সহায়তায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করা হয়। এরপর ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যমে ঢাকার গেন্ডারিয়ায় তার পরিবারের সন্ধান মেলে।

 

সন্তানকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন বাবা তাইজুদ্দিন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “গত এক বছর ধরে ছেলেকে হন্যে হয়ে খুঁজেছি। ১০৯৮ নম্বরের মাধ্যমে ছেলেকে ফিরে পাব, এটা ভাবিনি। আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি”।

 

সরকারি হেল্পলাইন এবং সমাজকর্মীদের এই সমন্বিত প্রচেষ্টাকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট