
পবিত্র রমজান মাসে ব্যবসায়ীরা যাতে কারসাজি করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সেজন্য কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত চকরিয়া পৌরসভা সদরের কাঁচাবাজারের বিভিন্ন দোকানে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানটিতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবসহ চকরিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্যের অতিরিক্ত দাম নেওয়া এবং সড়কে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে যাতে তারা ভবিষ্যতে পণ্যের দাম বেশি না রাখে।
এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, রমজানের শুরু থেকেই বাজার কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, যার ফলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারছে না।
তিনি আরও জানান, যারা বেশি দামে পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হচ্ছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ