চট্টগ্রাম বুধবার, ০৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বিচার বিভাগকে রাজনীতিকরণ করলে জন-অনাস্থা তৈরি হবে: ড. হামিদুর রহমান আযাদ

বিচার বিভাগকে রাজনীতিকরণ করলে জন-অনাস্থা তৈরি হবে: ড. হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২৬ | ৬:৫১ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একটি মীমাংসিত বিষয় এবং এটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ড. হামিদুর রহমান আযাদ।

বুধবার (৪ মার্চ) বিকেলে মহেশখালী উপজেলা দক্ষিণ আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ গণভোটের পক্ষে তাদের রায় দিয়েছে। কিন্তু সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণের এই রায়কে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তার উচিত জবাব জনগণই দেবে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ ছাড়া গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব নয়। সরকার চাতুর্যের সাথে গণভোটের বৈধতা নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হলে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হবে।

সভায় ড. হামিদ আযাদ নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা, মব ভায়োলেন্স এবং নানা অনিয়ম দমনে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

 

উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান এবং সাবেক ছাত্রনেতা মো. আজিজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট