চট্টগ্রাম বুধবার, ০৪ মার্চ, ২০২৬

বাবার ওপর প্রতিশোধ নিতেই ইরাকে হত্যা: ঘাতক বাবুর স্বীকারোক্তি

বাবার ওপর প্রতিশোধ নিতেই ইরাকে হত্যা: ঘাতক বাবুর স্বীকারোক্তি

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ১০:৪০ অপরাহ্ণ

“বাবার সাথে পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতেই সাত বছরের শিশু জান্নাতুল ইরাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে ইরা বাধা দেয় এবং তার বাবাকে বলে দেওয়ার কথা জানায়। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শিশুটির গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে বাবু।”

 

গ্রেপ্তার ঘাতক বাবু শেখ (৪৫) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীতাকুণ্ড ইকোপার্কে সংঘটিত এই নৃশংস ঘটনার এভাবেই লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

 

দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে নৃশংসতার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ইরা মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

 

গত রবিবার নিখোঁজ হওয়ার পর ইরাকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল । হাসপাতালে দুই দফা অস্ত্রোপচারের পর তার শ্বাসনালীতে কৃত্রিম যন্ত্র বসানো হলেও সোমবার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয়। যন্ত্রটিতে ত্রুটি দেখা দেওয়ায় এবং সময়মতো নতুন যন্ত্র সংগ্রহ করতে না পারায় আইসিইউতে নেওয়ার পর ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেশী ও পেশায় রিকশাচালক মনিরুল ইসলামের সঙ্গে ঘাতক বাবু শেখের কয়েকবার ঝগড়া হয়েছিল। এই ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতেই সে মনিরুল ইসলামের মেয়ে ইরাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন শিশুটিকে বেড়ানোর নাম করে চকোলেটের লোভ দেখিয়ে সীতাকুণ্ড মন্দির সড়ক হয়ে ঘুরপথে ইকোপার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় সে।

 

তদন্তে নেমে পুলিশ ও র‍্যাব-৭ চন্দ্রনাথ ধাম পাহাড়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পায়। ফুটেজে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি ইরাকে নিয়ে পাহাড়ের পথে যাচ্ছে। পরে পরিবারের সদস্যরা ভিডিও দেখে তাকে প্রতিবেশী ভাড়াটিয়া বাবু শেখ বলে শনাক্ত করেন। গ্রেপ্তারকৃত বাবু শেখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মৃত হাদেম শেখের ছেলে।

 

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘাতককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

এই ঘটনায় খুনি বাবু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকাহত এলাকাবাসী।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট