চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা: ঘাতক গ্রেপ্তার

সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা: ঘাতক গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ইরা (৭) হত্যার সাথে জড়িত ঘাতক প্রতিবেশী মাহবুবকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। 

রবিবার (২ মার্চ) দুপুরের দিকে সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন এলাকায় শিশু ইরাকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

ইরা সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের দরিদ্র রিকশাচালক মনিরুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় ইরা প্রতিদিনের মতো তার দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। কিন্তু বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর ইরাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে রবি ও সোমবার তার গলায় দুই দফা অস্ত্রোপচার করা হয়। দুর্বৃত্তরা তার শ্বাসনালী কেটে ফেলায় কৃত্রিম যন্ত্রের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা চলছিল। সোমবার রাত পর্যন্ত অবস্থা আশাব্যঞ্জক মনে হলেও গভীর রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়।

চিকিৎসকরা জানান, শ্বাস নেওয়ার যন্ত্রটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু রাত গভীর হওয়ায় তার স্বজনরা অনেক চেষ্টা করেও কোনো দোকান খোলা না পাওয়ায় নতুন যন্ত্র সংগ্রহ করতে পারেননি। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ কোনো ক্লু খুঁজে না পেলেও র‍্যাব-৭ এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় চন্দ্রনাথ ধাম পাহাড়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি ইরাকে নিয়ে চন্দ্রনাথ ধামের দিকে যাচ্ছে। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাদের প্রতিবেশী ভাড়াটিয়া মাহবুব (৫০) হিসেবে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীকে উপযুক্ত সাজা প্রদানের লক্ষে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট