চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

চট্টগ্রামে জঙ্গলে গলাকাটা অবস্থায় উদ্ধার সেই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২৬ | ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি জঙ্গলে শ্বাসনালি কাটা সেই ৭ বছরের শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে।

তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টায় সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. রমিজ।

রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার শিশুটিকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে রবিবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এদিকে পরিবারের সদস্যরাও এ ঘটনার বিচার চেয়েছেন। তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত তা জানেন না বলে জানিয়েছেন তারা। শিশুটির পরিবার বলছে, সে কীভাবে দুর্গম পাহাড়ি এলাকায় গেছে, সেটি জানা যায়নি।

শিশুটির চাচা রমিজ বলেন, ‘আমার ভাই ও আমাদের বাসার মধ্যে আধা কিলোমিটার দূরত্ব রয়েছে। রবিবার সকালে ইরা ঘর থেকে বের হয়। ধারণা করছি, আমাদের বাড়িতেই আসার জন্য বের হয় আমার ভাতিজি। কিন্তু পাহাড়ে কীভাবে গেল, জানা নেই। মঙ্গলবার ভোরে সে মারা যায়। আমরা এ ঘটনার তদন্ত ও বিচার চাই, খুনিদের শাস্তি চাই।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে শিশুর মা বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। আমরা অপরাধীকে শনাক্তের চেষ্টা করছি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট