চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

রাউজানে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

রাউজানে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

রাউজান সংবাদদাতা

৩ মার্চ, ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানের আলীখিল ও ডাবুয়া রাবার বাগানের সীমান্তবর্তী স্থানে অবৈধভাবে মাটি ও পাহাড় কাটার দায়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলীর ছেলে।

 

সোমবার (২ মার্চ) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলা সহকারী ভূমি কমিশনার অংছিং মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে রাউজান থানার এসআই হাসানের নেতৃত্বে পুলিশ সদস্য এবং ডাবুয়া রাবার বাগানের আনসার সদস্যরা প্রশাসনিক কাজে সহযোগিতা করেন।

 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় ও মাটি কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

অভিযান শেষে ঘটনাস্থলে পাহাড় ও মাটি কাটা বন্ধ করে দেওয়া হয় এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট