চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় ফের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

পেকুয়ায় ফের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

পেকুয়া সংবাদদাতা

২ মার্চ, ২০২৬ | ৪:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় দুই দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বসতবাড়ি পুড়ে অন্তত ৮ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে বাড়িতে কেউ না থাকায় আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

সোমবার (২ মার্চ) ভোর ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পেকুয়া সদরের পূর্ব গোয়াখালীর এলাকার মৃত নুরুল আমিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫ টার দিকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার মানুষের চিৎকারে সকলে এগিয়ে আসার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে সম্পূর্ণ বাড়ি পুড়ে প্রায় ৮ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বাড়িতে কেউ ছিল না।

 

বাড়ির বিদ্যুতের লাইন থেকে কেউ চুরি করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বলে পরিবারের দাবি।

 

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোছাইন জানান, ভোরে আমার ওয়ার্ডে একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বাড়ি থেকে কোন জিনিসপত্রও বের করতে পারে নাই। এতে ৮ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

 

পেকুয়া ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তখন নিশ্চিত হতে পারিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ।

 

উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দির পাড়া এলাকায় জাহাঙ্গীর ও ফোরকানের ২টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট