
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী একটি জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ অলি উল্লাহ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আমির হোসেন (ওরফে আমিরু) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১ মার্চ) দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অলি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়ার এবং আহত আমির হোসেন একই ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলের পেছনে থাকা অলি উল্লাহ ছিটকে সড়কে পড়ে চোখ ও মাথায় গুরুতর আঘাত পান। চালক আমির হোসেনও হাতে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত আমির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তিনি এখন আশঙ্কামুক্ত।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত জিপ ও মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
পূর্বকোণ/সিজান/পরভেজ