
চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ৬তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ১১টায় বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকার কালু সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। তারা ছয় মাস ধরে আনোয়ারায় ঠিকাদারের অধীনে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৬ জন শ্রমিক ভবনের বাইরের অংশে পলেস্তারার কাজ শুরু করেন। একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। সঙ্গে সঙ্গে মারা যান সিয়াম। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আনিসও মারা যান।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও বটতলী গ্রামের জুনাইদ ইসলাম বলেন, শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
এ বিষয়ে জানতে ভবনের ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।
পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ