
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় গৃহ নির্মাণের চাঁদা না পেয়ে তারেক (২৭) নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পরে ওই যুবককে কুপিয়ে জখম করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মীরেরখীল বিটের পুলিশ খবর পেয়ে সিঙ্গাপুর নামক এলাকার গহীন জঙ্গল থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ।
অপহৃত তারেক মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের নবীর হোসেন মাস্টার বাড়ির আবুল খায়েরের ছেলে।
তার ভাই মানিক জানান, বসতভিটায় টিনের নতুন গৃহ নির্মাণের জন্য সন্ত্রাসীরা কিছুদিন আগে চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা না পেয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশে অপহরণ করে নিয়ে যায় তারা। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় তার ভাই উদ্ধার হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
পূর্বকোণ/রাহাত/এএইচ