চট্টগ্রাম শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাউজানে যুবদলকর্মী মুজিব হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর যুবদলকর্মী মোহাম্মদ মুজিব হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘এ হত্যার ঘটনার পরপরই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, ‘তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করা হয়। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের মধ্যম আধার মানিক গ্রামের অলিমিয়া হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত যুবদলকর্মী মোহাম্মদ মুজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চিহ্নিতসহ ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট