
চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরি করতে বাধা দেয়ায় গুলি করে গৃহকর্তা চন্দন দে’কে (৭০) হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পৌরসভার জোয়ারা হিন্দু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি গরু চোরের দল এলাকায় হানা দেয়। তারা স্থানীয় বাসিন্দাদের গোয়াল ঘর থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দে’র গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে দিলে তাকে তার স্ত্রীর সামনে গুলি করে হত্যাকরা হয়।
চন্দন দে’র গোয়ালঘরের তিনটি গরু থেকে একটি ষাঁড় চোরের দল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। পার্শ্ববর্তী নিতাই দে’র গোয়াল ঘর থেকে আরো ২টি ষাঁড় চোরের দল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর