
কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৯ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কবলে পড়া ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সোনাদিয়া চর সংলগ্ন সমুদ্রে “এফ বি মায়ের দোয়া-৩” নামক একটি ফিশিং বোট জলদস্যুদের আক্রমণের শিকার হয়। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে দ্রুত অভিযানে নামে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সদস্যরা।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা এটি থামাতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এবং ধাওয়া করে বোটটি আটক করন। বোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) এবং তার ৮ সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে সমুদ্রে ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
উদ্ধারকৃত জেলে, জব্দকৃত আলামত এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ