চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

নাফ নদীতে ২ কোটি টাকার ইয়াবাসহ মিয়নামারের নাগরিক আটক

নাফ নদীতে ২ কোটি টাকার ইয়াবাসহ মিয়নামারের নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। আটক নুরুস সাফা (৪৭) মিয়ানমারের মংডুর নাপিতের ডেইল এলাকার মৃত বাছা মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

 

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ডির একটি দল অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি কাঠের বোটকে মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। বোটটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

বোটের চালক ও মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নাফ নদী ও সমুদ্রসীমান্ত ব্যবহার করে মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। বিশেষ করে রাতের অন্ধকারে মাদক পাচারকারীদের অপতৎপরতা রুখতে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। দেশের স্বার্থে ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট