চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানে সেনা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ১, অস্ত্র উদ্ধার

বান্দরবানে সেনা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে নিহত ১, অস্ত্র উদ্ধার

বান্দরবান সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০৬ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি মুরুঙ্গ বাজার সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সাথে একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার সময় বান্দরবান-রুমা সড়কের মুরুঙ্গ বাজার এলাকায় তিনটি গাড়ি আটকে একদল সশস্ত্র ব্যক্তি চাঁদাবাজি করছিল। খবর পেয়ে রুমা গ্যারিসন থেকে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে সশস্ত্র ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম এলামং মারমা (৩২) এবং তার আইডি কার্ড অনুযায়ী ঠিকানা বান্দরবানের রুমা এলাকায়। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দিলীপ চৌধুরী জানান, ইউনিফর্ম পরা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, তবে আনার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

 

সংঘর্ষের পর ওই এলাকা থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং একটি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনার পর মুরুঙ্গ বাজার ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

 

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, এর আগে গত শনিবারও বান্দরবান শহরের কাছে চড়ুইপাড়া এলাকায় একদল সশস্ত্র ব্যক্তির হামলায় সেনাবাহিনীর দুইজন সদস্য আহত হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোন পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট