চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন, কক্সবাজারে দুই প্রতিষ্ঠানে জরিমানা

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন, কক্সবাজারে দুই প্রতিষ্ঠানে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৭ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারে বিশেষ বাজার পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাজারঘাটা ও লিংক রোড এলাকায় পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

 

কক্সবাজার জেলা প্রশাসন ও র‍্যাব-১৫-এর যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং র‍্যাবের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

 

অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মে জড়িত। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী কক্সবাজার সদরের বাজারঘাটা এলাকার আমির হোসেনের মুদির দোকানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। লিংক রোড মুহুরীপাড়া এলাকার ওমর কাসেমের মৌসুমী ফলের দোকানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

 

র‍্যাব-১৫-এর ল’ অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রমজানে অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, রমজান আসার আগেই কিছু অসাধু সিন্ডিকেট ডাল, তেল, চিনি ও ফলের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। প্রশাসনের এমন তড়িৎ ও আগাম পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রমজান মাস জুড়ে শহরের প্রধান বাজারগুলোতে এই ধরনের পর্যবেক্ষণ ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট