
হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার সাথে যুক্ত থাকার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে মো. জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধলইপুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দণ্ডিত জুয়েল উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর এলাকার মো. মাহবুব আলীর পুত্র।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে উল্লেখিত এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগের ভিক্তিতে অভিযানে গেলে অপরাধীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে জুয়েল নামের এক ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করে অপরাধীদের তথ্য দিচ্ছিল। পরে ম্যাজিস্ট্রেট তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি তার অপরাধ স্বীকার করে। এ সময় কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ডসহ পনেরো দিনের কারাদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ