
কক্সবাজারের চকরিয়ায় গাড়ির চাপায় মো. খালিদ বিন ওয়ালিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ স্থানীয় তেচ্ছিপাড়ার প্রবাসী আমান উল্লাহর ছেলে এবং একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি গাড়ি শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে শিশুটির মা সুমাইয়া বেগম তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত জনতা সড়কের মাঝখানে ডাম্প ট্রাক দিয়ে কয়েকটি গাড়ি আটকে দেয় এবং ভাঙচুর চালায়। সন্ধ্যায় নিথর সন্তানের দেহ জড়িয়ে মা সুমাইয়া বেগমের আহাজারির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, শিশুকে চাপা দেওয়া গাড়িটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ