
চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অন্তত ২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা যুবদলের সদস্য মো. সাহেদুল আলম টিটু বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বড়উঠান ফাজিল খার হাট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮-১০ জন আহত হন।
বিএনপি নেতাদের দাবি, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন দৌলতপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত কর্মীরা হিন্দু ভোটারদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে। ওই ঘটনার প্রতিবাদ করায় বিরোধের জেরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে যুবদল ও কৃষক দলের পাঁচজন গুরুতর আহত হন।
অন্যদিকে, উপজেলা জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিএনপির লোকজনই জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছে। পরে বিষয়টি মীমাংসার জন্য বাজারে গেলে পুনরায় হামলার শিকার হন তারা। এতে পাঁচজন জামায়াত কর্মী আহত হন, যার মধ্যে এনাম নামের এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দলীয় নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগও তুলেছে জামায়াত।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ