
শুল্ক-কর ফাঁকি দিয়ে বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় এই অভিযান চালানো হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা সমমূল্যের ২২০ বস্তা সিমেন্ট উদ্ধার করে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে বোটটিতে থাকা আটজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ