
কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রার অপেক্ষায় থাকা নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কমান্ডার সিয়াম-উল-হক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ টেকনাফের বাহারছড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও টেকনাফ স্টেশন যৌথভাবে ওই এলাকায় একটি বিশেষ অভিযান শুরু করে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের সদস্যরা একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারী চক্রগুলো উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধার ব্যক্তি ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পূর্বকোণ/সিজান/পারভেজ