চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দুর্বৃত্তের হামলার পর হালদায় পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দুর্বৃত্তের হামলার পর হালদায় পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাউজান সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:২৭ অপরাহ্ণ

দুর্বৃত্তের হামলার পর হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণ মো. সাব্বিরের (২১) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৯টার দিকে হালদা নদীর রাউজানের পশ্চিম পাশে ছায়ার চর নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

মো. সাব্বির রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি আব্দুল মান্নান ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সাব্বির তার বন্ধু মো. মারুফকে সঙ্গে নিয়ে একটি ওরশ মাহফিলে অংশ নিতে রামদাসহাটে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে দু’জনই নদীতে ঝাঁপ দেন। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির আর ভেসে ওঠেননি।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ওরশে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সাব্বিরের মাথায় আঘাত করা হলে তিনি নদীতে লাফ দেন এবং তলিয়ে যান। বিষয়টি জানার পর পুলিশ ও প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। সাব্বির পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এলাকায় ভদ্র ও পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত ছিল। দলীয় কোনো পদবি না থাকলেও বিভিন্ন রাজনৈতিক সমাবেশে তাকে দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

 

সাব্বিরের চাচা মো. মোতালেব বলেন, ‘সারাদিন কাজ করে বন্ধুকে নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি।’

 

প্রতিবেশি মো. ইলিয়াস জানান, “মারুফের ভাষ্যমতে, দুর্বৃত্তদের আঘাতে তারা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর জীবিত ফিরে আসল না।’

 

হালদার অস্থায়ী নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তিনদিন ধরে সাব্বিরের খোঁজে নদীতে টহল দিয়ে আসছি। মঙ্গলবার সকালে নদীতে বালু তোলার সময় লোকজন নদীতে একটি মাথা দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আমরা নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় সাব্বিরের লাশ উদ্ধার করি। পরে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে। সুরতহাল রিপোর্টশেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট