
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী জামিরজুরী এলাকায় মাত্র ১২ দিনের নবজাতক সন্তানকে বিক্রি করতে না পেরে স্ত্রী সালমা আকতারকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নুরুল হুদার বিরুদ্ধে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। ঘাতক স্বামী নুরুল হুদা ওরফে পারভেজ (৩০) দোহাজারী পূর্ব জামিরজুরি ঘোড়াপাড়া এলাকার ইছহাক মিয়ার ছেলে।
সূত্র জানায়, ৪ কন্যা সন্তানের জননী ও বাকপ্রতিবন্ধী সালমা আকতারের ১২ দিনের এক নবজাতককে নুরুল হুদা বিক্রি করার চেষ্টা করলে সালমা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল হুদা তার স্ত্রীকে হত্যা করে এবং গোপনে লাশ দাফন করার চেষ্টা চালায়।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল হুদা পালিয়ে গেলেও সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে দোহাজারী এলাকা থেকে আটক করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় নুরুল হুদার ভাই আবুল কালাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ কাল ১৭ ফেব্রুয়ারি অভিযুক্ত নুরুল হুদাকে আদালতে প্রেরণ করবে।
স্থানীয়দের অভিযোগ, নুরুল হুদা একজন মাদকাসক্ত ব্যক্তি এবং সে চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে এর আগেও জেল খেটেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ