
চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার ওমান প্রবাসী মামুন চৌধুরীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আব্দুর রহমান বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ