চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম-১৩ থেকে টানা চতুর্থ জয়: মন্ত্রিত্বের আলোচনায় সরওয়ার জামাল নিজাম

চট্টগ্রাম-১৩ থেকে টানা চতুর্থ জয়: মন্ত্রিত্বের আলোচনায় সরওয়ার জামাল নিজাম

সুমন শাহ, আনোয়ারা

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ প্রেক্ষাপটে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে।

 

নবনির্বাচিত এ সংসদ সদস্য সর্বশেষ নির্বাচনে ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি এ আসনে চতুর্থবারের মতো প্রতিনিধিত্বের সুযোগ পান। ফল ঘোষণার পর থেকেই এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একই সঙ্গে তার সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ব্যবসায়িক ও প্রশাসনিক পটভূমি এবং সাংগঠনিক দক্ষতার কারণে সরওয়ার জামাল নিজামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের মতে,দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো.ইউনুস চৌধুরী বলেন, বিপুল ভোটে পুনর্নির্বাচিত হওয়া সরওয়ার জামাল নিজামের জনপ্রিয়তারই প্রতিফলন। অতীতে অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

 

আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদও একই দাবি জানিয়ে বলেন,শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা বিকাশে সরওয়ার জামাল নিজামের অভিজ্ঞতা রয়েছে। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি ধারাবাহিকভাবে সাংগঠনিক ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

 

কর্ণফুলী উপজেলার বিএনপি’র সাবেক সদস্য সচিব হাজী ওসমান বলেন,টানা চতুর্থবারের মতো জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত হয়ে সরওয়ার জামাল নিজাম প্রমাণ করেছেন যে তিনি আনোয়ারা-কর্ণফুলীর মানুষের আস্থার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং উন্নয়নমুখী চিন্তাধারার কারণে তিনি শুধু এই আসনের নয়,দক্ষিণ চট্টগ্রামের একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা মনে করি,আসন্ন মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করা হলে এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। দলের হাইকমান্ড তার যোগ্যতা ও অবদান বিবেচনায় নেবেন এটাই আমাদের প্রত্যাশা।

 

রাজনৈতিক জীবনে সরওয়ার জামাল নিজাম বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৬ সালে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০০১ সালের সাধারণ নির্বাচনেও জয়লাভ করেন। সর্বশেষ নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি চতুর্থবারের মতো এ আসনের প্রতিনিধিত্ব করছেন।

 

এদিকে সমর্থকদের দাবি,নির্বাচনি এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কাজ করেছেন। এছাড়া ১৯৯৫ ও ১৯৯৬ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার প্রশাসনিক সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে মন্ত্রিসভা গঠন নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে সরওয়ার জামাল নিজাম মন্ত্রিসভায় স্থান পাবেন কি না,তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট