
রাঙামাটির কাপ্তাইয়ে আগুনে ৩টি দোকান ও গ্যোরেজ পুড়ে গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া বটতলা নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়েছে দেবু বড়ুয়ার মোটর পার্টস, ক্যওসিং অং মারমা চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়া গাড়ির গ্যারেজ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর সাড়ে ৪টার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/ইবনুর/পিআর