
কক্সবাজারের কুতুবদিয়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নাথ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ দেব জানান, বিকেলে বাড়ির কাপড়ের পর্দায় ঘেরা একটি পূজার আসনে মোমবাতি জ্বালিয়ে দিয়ে পরিবারের সবাই পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। স্থানীয়রা এগিয়ে আসলেও ততক্ষণে রবিন্দ্র নাথ, সুরেন্দ্র নাথ ও রুপণ-সজল নাথের বসতঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সোহেল আহমেদ জানান, এই অগ্নিকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোর আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ