
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফখরুদ্দিনের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।
সেনাবাহিনী সূত্রে জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে একটি বিশেষ দল ছমদর পাড়ায় অভিযান চালিয়ে ফখরুদ্দিনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে পরিচয় দিলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন। তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি এবং মোবাইল ও মানিব্যাগ থেকে বিভিন্ন কার্ড ও ছবি উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ