চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে দুপুর ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৩০ শতাংশ ভোটগ্রহণ

ফটিকছড়ি সংবাদদাতা

১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:১৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৩০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ফটিকছড়ি ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪০টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭৭৭ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট ভোট কাস্ট হয়েছে প্রায় ৮৮ হাজার।

 

তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

সকালে ভোটগ্রহণ শুরুর সময় ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট