
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সালেহ।
জানা যায়, উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন সুষ্ঠু ও অবাধ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল জোরদার রয়েছে।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সালেহ জানান, দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। ভোটগ্রহণ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। দুপুরের পর ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে তারা আশা প্রকাশ করেছেন। ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
পূর্বকোণ/পিআর