
চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
সেনাবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারিহাট এলাকা থেকে বিজিবি এবং সেনাবাহিনীর একটি টহল দল একটি মাইক্রোবাস তল্লাশি করেন। এসময় দুই ব্যকিরত কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জব্দ করা হয়। দুই ব্যক্তি দাবি করেন, ওই টাকা স্বতন্ত্র প্রার্থীর মিজানুল হকের পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল। ওই গাড়ির চালক গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। গাড়িটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেয়া হয়েছে, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়নি।
এর আগে মঙ্গলবার টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে ফেলেছেন সেনা সদস্যরা। তখন ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।
মিজানুল হক চৌধুরী চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। রিটার্নিং কর্মকর্তা এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করতে বলেছেন বলে সেনাবাহিনী জানায়।
এ বিষয়ে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভি করেননি।
চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রাজীব হোসেন পূর্বকোণকে বলেন, গতকাল রাতে একটি মাইক্রোবাস থেকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ