
হাটহাজারী উপজেলার শিকারপুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩ নং ওয়াড পূর্ব শিকারপুর গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে একটি লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর লাশের খণ্ডিত ১টি হাত ও ২টি পোড়া পা এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা ও মেরুদণ্ডের অংশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
হাটহাজারী মডেল থানাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধার করা মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে। লাশের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খণ্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর গণমাধ্যমকে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জানান, আমি এলাকায় ছিলাম না, তবে খবরটি শুনেছি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
পূর্বকোণ/পারভেজ