
চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আগামী ১২ তারিখ তাকে বিজয়ী করলে তিনি রাউজানবাসীর “দরজা খুলে ঘুমানোর” নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল সমাপনী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কোথাও গেলে রাউজানের বদনাম শুনে মাথা হেট হয়ে যায়। নির্বাচিত হলে আমি রাউজানের সুনাম ফিরিয়ে আনবো। বিগত ১৭ বছর ধরে ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্যাতন চালানো হয়েছে, তার বিচার করা হবে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন যে, অতীতে উন্নয়নের নামে কেবল লুটপাট করা হয়েছে। ভবিষ্যতে রাউজানের প্রতিটি জায়গায় সুষম উন্নয়ন করা হবে এবং কোনো ধরনের লুটপাট হতে দেওয়া হবে না বলে তিনি অঙ্গীকার করেন।
রাউজান উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেত্রী ও ইডেন মহিলা কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান। সভায় বিশেষ অতিথি ছিলেন তরুণ রাজনীতিবিদ সামির কাদের চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তরজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, সাকের কাদের চৌধুরী এবং সাবেক অতিরিক্ত সচিব নাজিম উদ্দিনসহ আরও অনেকে।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সভাপতি ড. শফিকুল ইসলাম চৌধুরী, প্রফেসর ড. জালাল আহমদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছৈয়দ মনজুরুল হক মনজু ও সাবের সুলতান কাজল।
পূর্বকোণ/সিজান/পারভেজ