চট্টগ্রাম রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসরত ৮ শতাধিক রোহিঙ্গা আটক

উখিয়ায় ক্যাম্পের বাইরে বসবাসরত ৮ শতাধিক রোহিঙ্গা আটক

উখিয়া সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে অবস্থানকারী বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আট শতাধিক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার হওয়া এসব রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ও ভাড়া বাসায় অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

 

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়, যা এখনো চলমান। গ্রেপ্তারদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

 

সূত্রে জানা গেছে, ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের কারণে এলাকায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতেই যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

এদিকে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস কোনোভাবেই অনুমোদিত নয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আইনের আওতায় আনতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট