
চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলার রাঙ্গুনিয়া ও হাটহাজারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল- হাটহাজারীর পূর্ব মেখল এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে আরাফাত হোসেন (৩৪), রাঙ্গুনিয়ার গুচ্ছগ্রাম এলাকার পিয়ার মোহাম্মদের ছেলে আরাফাত হোসেন (২২) ও একই উপজেলার মধ্যম সৈয়দ বাড়ির মৃত আব্দুল হকের ছেলে ইউসুফ আলী (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের অবস্থান জানতে পেরে শনিবার সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ওইদিন বিকাল সাড়ে ৪টায় হাটহাজারীর ইছাপুর থেকে আরাফাতকে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙ্গুনিয়ার ইছাখালী থেকে আরাফাত হোসেনকে এবং রাত ৮টায় রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর