
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত আনসার সদস্যের নাম মো. এরশাদ আলী (৫৭), যিনি সুবলং আনসার ব্যাটালিয়নের সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বরকল উপজেলার সুবলং আনসার ব্যাটালিয়ন থেকে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে জুরাছড়ি উপজেলায় পৌঁছানোর পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আনসার ও ভিডিপির রাঙামাটি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দ্বায়িত্ব) বিকাশ চন্দ্র দাস জানান, জুরাছড়িতে পৌঁছানোর পরপরই সহকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন । দ্রুত তাকে জুরাছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জুরাছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীহ ফারুখ জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি স্ট্রোক করে মারা গেছেন। বর্তমানে তাঁর মরদেহ স্পিডবোটে করে রাঙামাটি জেলা সদরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/সিজান//পারভেজ