
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর তাঁদের বাড়ি তল্লাশি করে ১টি রামদা, ১টি চাপাতি, ১৮ ইঞ্চি লম্বা ১টি ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন ও কায়ছার তারা দুই ভাই এবং খুরুশকুল পালপাড়া এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে। বড় ভাই মামুনের বিরুদ্ধে ১৮টি এবং ছোট ভাই কায়ছারের বিরুদ্ধে ১৯টি বিভিন্ন ধারার মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আসামিদের উদ্ধারকৃত সরঞ্জামসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আগের মামলাগুলোর বর্তমান অবস্থা যাচাই করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ