
কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় হক কনভেনশনে আসে হাবিবুল। বিয়ের অনুষ্ঠান চলাকালীন খেলাধুলার এ পর্যায়ে সবার অগোচরে সে হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, খোলা সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্যান্যদের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ