
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পোমরা শান্তিরহাটের সাপলেজা পাড়া ৬ নং ওয়ার্ডের নুরুল আমিন ড্রাইভার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, এই অগ্নিকাণ্ডে ইমন, আসিফ, কামাল ও সুমনের ৪টি বসতঘর এবং ৩টি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুরাদনগর নন্দী পাড়া এলাকার বাসিন্দা রিন্টু নন্দীর বাড়িতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে প্রায় ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বালে জানান তিনি।
পূর্বকোণ/সিজান/পারভেজ