
চট্টগ্রামের সন্দ্বীপে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মো. রাসেদ (৪০) আমানউল্লাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাঈন উদ্দিনের ছেলে ও আকবর (৪৩) রাহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের পুত্র।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ ও বাংলাদেশ নৌবাহিনী উপজেলার আমানউল্লাহ বেরিবাঁধ এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই কারিগরকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা আলামত এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/কায়ছার/এএইচ