চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৩

রাজস্থলীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৩

রাজস্থলী সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:১৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বড়ইতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- বাচিংমং মারমা, অংছাইন মারমা ও আপ্রুমং মারমা। তারা উপজেলার গাইন্দ্যা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের বড়ইতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটরসাইকেলের সাথে আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

রাজস্থলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌমেন্দ্র বড়ুয়া জানান, আজ দুপুর ১২ টার দিকে আহত তিনজনকে হাসপাতালে আনলে আমরা দ্রুত জরুরি বিভাগে তাদেরকে চিকিৎসা দিয়েছি। একজনের চোখ ও বাম হাতের হাড় ভেঙে গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চন্দ্রঘোনা মিসন হাসপাতালে রেফার করা হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য থোয়াইউচিং মং মারমা জানান, অনুমোদনহীন মোটরসাইকেল সড়কে চলাচলের ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটেছে এবং চালকসহ সাধারণ যাত্রীরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। এছাড়াও এসব গাড়ির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং এর বেশিরভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। এছাড়াও বেশ কয়েকজন চালক এই মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া জরুরি হয়ে পড়েছে।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অনুমোদনহীন এসব মোটরবাইক যাতে মূল সড়কে চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট